সিসি নিউজ: নুজহাত ডাক বিভাগ আয়োজিত জাতীয় পর্যায়ে ‘চিঠি’ লেখা প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সিলেটের মেয়ে নুজহাত আনজুম রাহমান। তার লেখা চিঠি এখন ৪৫তম ‘ইন্টারন্যাশনাল রাইটিং কম্পিটিশন’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
সিলেট গ্রামার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী নুজহাত সিলেট সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমানের মেয়ে।
বৃহস্পতিবার সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, সারা দেশের মধ্যে প্রথম হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নুজহাতের চিঠি সুইজারল্যান্ডের ‘ইন্টারন্যাশনাল ব্যুরো অব দ্য ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন’ (ইউপিইউ)-এ পাঠিয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। ৮ মে সিলেট গ্রামার স্কুলের অধ্যক্ষকে এক পত্রের মাধ্যমে আনুষ্ঠানিক এ তথ্য জানিয়েছেন ডাক বিভাগের পরিচালক (ইউপিইউ অ্যাফেয়ার্স) মো. জামাল পাশা।
দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নুজহাত দ্বিতীয়। তার মা ফারজানা ইসলাম পেশায় একজন শিক্ষক। মেয়ের এমন কৃতিত্বে উচ্ছ্বসিত বাবা জিল্লুর রহমান বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে মেয়েকে প্রস্তুত করছেন। তাঁর আশা, দেশের বাইরে গিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হবে নুজহাত।