ঢাকা: অবশেষে সেই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করলো ঢাকা কমার্স কলেজ কর্তৃপক্ষ। বাকি ৯ জনের ভর্তি বাতিল করা হয়েছে। গত ১২ মে এক নোটিশে বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে কলেজের সব শিক্ষার্থীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পক্ষে-বিপক্ষে ফের বিতর্কের ঝড় উঠেছে।
যা ঘটেছিল সে দিন
সপ্তাহখানেক আগের ঘটনা। রাস্তায় দাঁড়িয়ে আছে কয়েকজন শিক্ষার্থী। একটু পরে বাকি শিক্ষার্থীরা হাতে হাত ধরে দু’জনকে আলাদা করে মানববৃত্তের ভেতরে নিয়ে আসে। এরপর? বৃত্তের ভেতরে ছেলেটি হাঁটু গেড়ে বসে মেয়েটির হাতে একটি আংটি পরিয়ে প্রপোজ করে। মেয়েটি ছেলের প্রপোজে সায় দেয় ও পরস্পরকে জড়িয়ে ধরে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়
এর পরই সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। তারপর থেকেই শুরু হয়ে যায় পক্ষ-বিপক্ষে কথাচালাচালি। কেন বহিষ্কার করা হলো? এই ঘটনাটি পরিবারের সমন্বয়হীনতা- এমনটাই মনে করছেন অনেকে। অনেকেই আবার দায়ী করছেন রাজধানীতে বিনোদনের অভাব, শিক্ষার অভাব ও স্কুল-কলেজের শুধু টিউশন ফি নিয়ে মাথাব্যথাকে। সোশাল মিডিয়ায় যে বিতর্ক ঘুরে বেড়াচ্ছে এখনও সেই বিতর্কের হাওয়া শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে।
অনেকেই এই ভিডিওটিকে `রোমান্টিক` আখ্যা দিয়ে ফেসবুক, গুগল প্লাস, ইন্সটাগ্রামে শেয়ার করছেন। ইউটিউবেও একাধিক নামে ভিডিওটি আপলোড করা হয়েছে। অথচ রোমান্টিসিজমের ফল পাচ্ছে বাকি ৯ জন শিক্ষার্থীও।
কলেজের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ।
https://youtu.be/kkfauuimLto