খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় চিকিৎসকের অবহলোয় এক শিশুর মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় হাসপাতাল ঘেরাও করেছে শিশুটির পরিবারের লোকজনসহ বিক্ষুদ্ধ এলাকাবাসী। ওই শিশুর নাম মো. লুহিন । তার বয়স আড়াই বছর। লুহিনের বাড়ি উপজেলার খামার পাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামে। তার বাবার নাম মো. মিজানুর রহমান। সোমবার সকাল ১০টার দিকে বাড়ির খানসামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা আওলাদ হোসেন জানান, লুহিন সোমাবার সকাল সাড়ে ৮টায় বাড়ির পার্শ্বে পুকুরপাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লুহিনের পিতা বলেন, হাসপাতালে নিয়ে আসার পর কোন চিকিৎসকে পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ পর চিকিৎসক আসেন এবং কোন চিকিৎসা না দিয়েই মৃত ঘোষণা করে লাশ নিয়ে যেতে বলেন। আমরা পরীক্ষা-নীরিক্ষার দাবি জানালে তিনি আমাদের সাথে খারাপ আচরণ করেন।অভিযুক্ত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মৃত্যুবরণ করেছে। এলাকাবাসী বিষয়টি না বুঝে আবেগ প্রবণ হয়ে এ ধরনের আচরণ করছেন। এখানে আমাদের কোন হাত নেই।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেবুর রহমান বলেন, এ ক্ষেত্রে যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে বিষয়টি দুঃখজনক। সমস্যা সমাধানে আমরা ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। উত্তেজিত জনতাকে নিয়ে আমরা একটি বৈঠক করেছি । বিষয়টি দ্রুত সমাধান হবে বলে আশা করছি।
খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে। সমস্যা সমাধানে আলোচনা চলছে।