রংপুর: রংপুরের পীরগাছায় সুমিতা জুয়েলার্স নামে এক স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোরে উপজেলা সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও দোকান মালিক রামাজি লাল জানান, রোববার ভোরে ১৫/২০ সদস্যের একদল ডাকাত পীরগাছা বাজারের প্রাচীনতম স্বর্ণের দোকান সুমিতা জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানের শোকেসে সাজানো ও সিন্দুকে থাকা প্রায় ১শ ভরি স্বর্ণ, বিপুল পরিমাণ রৌপ্য এবং নগদ ৮ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় পার্শ্ববর্তী একটি জুতার দোকানে থাকা দুই কর্মচারী আনোয়ার (২৫) ও বেলাল (২৭) সোনার দোকানের সামনে এসে তাদের বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাদের কুপিয়ে আহত করে। আহত দুই দোকান কর্মচারীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুমিতা জুয়েলার্সের মালিক রামাজি লাল সাংবাদিকদের জানান, তার দোকানে সিসি ক্যামেরা সচল ছিল। ফুটেজে ডাকাতদের চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই সঙ্গে তারা কিভাবে ডাকাতি করেছে তারও ভিডিও রয়েছে।
এ ব্যাপারে পীরগাছা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ পরীক্ষা করে ডাকাতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার কিংবা কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।