নীলফামারী : নীলফামারীতে ট্রলির ধাক্কায় শিমন ইসলাম (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ শনিবার বিকাল পনে ছয়টার দিকে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদ ভবন মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিমন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দৌগাছি গ্রামের জাহেদুল ইসলামের ছেলে এবং দৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র মতে, শিমন তাঁর ছোট ভাই শিপনকে সাথে নিয়ে বাইসাইকেল যোগে ইটাখোলা ইউনিয়নের পাঁচমাথা মোড়স্থ নানা সাহারুল ইসলামের বাড়ি থেকে টুপমারীর দৌগাছি গ্রামস্থ নিজ বাড়ি ফিরছিল। এসময় ইটাখোলা ইউনিয়ন পরিষদ ভবন মোড়ে দ্রুতগামী ধান বোঝাই একটি ট্রলি পিছন থেকে শিমনের বাইসাইকেলে ধাক্কা দিলে বাইসাইকেল থেকে শিমন ও তাঁর ভাই ছিটকে পড়লে ঘটনাস্থলেই শিমন মারা যায়।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ শিমনের মৃতদেহ উদ্ধারসহ ধান বোঝাই ট্রলিসহ ঘাতক চালক ও তার সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিমনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।