ঢাকা: রাজধানীবাসীর বহু কাঙ্ক্ষিত মেট্রোরেল চালু হতে যাচ্ছে। আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভূমি উন্নয়নকাজের উদ্বোধনের মাধ্যমে এই মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
শুক্রবার রাতে মেট্রোরেল প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী রোববার (২৬ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিপো এলাকায় ল্যান্ড ডেপেলপমেন্ট (ভূমি উন্নয়ন) কাজের উদ্বোধনের মাধ্যমে দেশের প্রথম মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করবেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকবেন।
মো. মোফাজ্জেল হোসেন বলেন, ২০১৯ সালের মধ্যে রাজধানীবাসীর জন্য মেট্রোরেল চলাচল শুরু করবে। সেই লক্ষ্য নিয়ে ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পটি বাস্তবায়নের কাজ করে যাচ্ছি।
সার্বিক অগ্রগতি সম্পর্কে মেট্রোরেল প্রকল্পের এই প্রকল্প পরিচালক বলেন, প্রকল্পটির ৮টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। এর মধ্যে একটি প্যাকেজের কন্ট্রাক সাইন হয়েছে। ৫টি প্যাকেজের টেন্ডার প্রসেসের মধ্যে রয়েছে। আর বাকি ২টি প্যাকেজের টেন্ডার আমরা এ মাসে শুরু করবো।
মেট্রোরেল প্রকল্পের অদৃশ্যমান কাজই প্রায় অর্ধেক। ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চের দিকে প্রকল্পটির দৃশ্যমান কাজ পুরোদমে দেখা যাবে বলে জানান তিনি।