সিসি নিউজ: ভারত থেকে আমদানি করা রেল কোচের মধ্যে তৃতীয় দফায় আরো ২০ টি কোচ দর্শনা রেল ষ্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে লালসবুজের নতুন রেলকোচ গুলো এসে পৌছায় বলে জানান দর্শনা রেল স্টেশনের স্টেশন মাস্টার মীর লিয়াকত হোসেন।
তিনি বলেন, ভারত থেকে আমদানি করা যাত্রীবাহী রেল কোচের ১২০ টি কোচের মধ্যে প্রথম দফায় ২০টি ও দ্বিতীয় দফায় ২০টি সহ মোট ৪০ কোচ ইতোপূর্বে আসে। এবার তৃতীয় দফায় আরো ২০ টি দর্শনায় এসে পৌছে। এ নিয়ে ৬০টি রেলকোচ এলো। আরো ৬০টি রেলকোচ আসার অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিএমই পাকশী ঊর্ধ্বতন কর্মকর্তা হাসানুজ্জামান ভারতের রেলওয়ে কর্মকর্তা শ্রী অশোক দত্তের কাছ থেকে দর্শনা ষ্টেশনে তৃতীয় দফায় ২০ টি কোচ বুঝে নেন। কাষ্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম শেষে আজ বেলা ২ টার দিকে কোচ গুলো নীলফামারী সৈয়দপুর রেলকারখানার উদ্দেশ্যে দর্শনা ত্যাগ করে। আজ রাতের মধ্যেই রেলকোচগুলো সৈয়দপুর রেলকারখানায় এসে পৌছবে বলে স্থানীয় সুত্র জানায়।