নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আয়শা বেগম (৪৮) নিহত হয়েছে। নিহত ওই বধু উপজেলার বালাপাড়া ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের মতিউর রহমানের স্ত্রী। এ দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে জেলার ডিমলা উপজেলার ডিমলা-ডালিয়া সড়কের শুটিবাড়ী বাজার সংলগ্ন গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে।
জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের আসাদগঞ্জ গ্রাম থেকে স্বামী-স্ত্রী ভাড়ায় একটি মোটরসাইকেল নিয়ে একই উপজেলার গয়াবাড়ী গ্রামের মেয়ের বাড়ীতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কের গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খানা খন্দকে ভরা রাস্তায় মোটরসাইকেল সহ তারা উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় নিকট পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আয়শা বেগম। এ ঘটনার স্বামী মতিউর রহমান আহত। আহত মতিউর রহমান কে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ঘাতক ট্রাক যার নং-রংপুর-ট-১১-০০৫২ আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।