সিসি নিউজ: ৯ লাখ মেট্রিক টন এমওপি সার আমদানির লক্ষ্যে রিসিভার্স ও পরিবহন এজেন্ট নিয়োগসহ ১০টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ১০টি ক্রয়প্রস্তাবে মোট ব্যয় হবে ১ হাজার ৪৯৪ কোটি টাকা।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এগুলো অনুমোদন দেয়া হয়। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ১০টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এর মধ্যে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডা ও বেলারুশ ও রাশিয়া থেকে তিন লাখ মেট্রিক টন করে মোট ৯ লাখ মেট্রিক টন এমওপি সার আমদানির লক্ষ্যে চট্টগ্রাম ও মংলা বন্দরে রিসিভার্স ও পরিবহন এজেন্ট নিয়োগের তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
পৃথকভাবে তিনটি কাজই পেয়েছে ‘মেসার্স প্রোটন ট্রেডার্স লিমিটেড’। প্রতিটি প্রস্তাবে ৯৬ কোটি ৭২ লাখ টাকা হিসাবে তিনটি প্রস্তাবে রিসিভার্স ও পরিবহন এজেন্ট নিয়োগে সরকারের মোট ব্যয় হবে ২৯১ কোটি ২৭ লাখ টাকা।