কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদ সীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে জেলার নাগেশ্বরী, রৌমারী, উলিপুর, রাজিবপুর, চিলমারী ও সদর উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ। বন্যার্ত এলাকায় রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে ফসলী জমিসহ আমন বীজতলা। এ সব এলাকার বেশিরভাগ নলকূপ তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সঙ্কট দেখা দিয়েছে । কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধরলার পানি সেতু পয়েন্টে ৫৬ সেন্টিমিটার, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৪ সেন্টিমিটার, দুধকুমারের পানি নুন খাওয়া পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।