বরিশাল: জেলার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক বিশ্বাসকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফারুক বিশ্বাস ওই এলাকার মৃত মফেজ বিশ্বাসের ছেলে।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, লামছড়ি এলাকায় ইয়াবা বিক্রি করছিল ফারুক। এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকের পর ফারুক নিজেকে চরবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিয় দেয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।