নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে গ্রেপ্তার চট্টগ্রামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
চার শিক্ষার্থী হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফয়সল বিন আজিজ, হিসাববিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র সুলতান মাহমুদ, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আরিফুল ইসলাম ও চট্টগ্রাম কলেজের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফখরুল আবেদীন।
গত রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পাঁচলাইশ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে হিযবুত তাহ্রীরের ৫০টি লিফলেট, ৬০টি প্রেস বিজ্ঞপ্তি ও পাঁচটি সাংগঠনিক বই উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিম উদ্দিন বাদী হয়ে চারজনকে আসামি করে পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চারজনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমন চৌধুরী। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার এসআই ইমন চৌধুরী গতকাল বিকেলে জানান, চারজনকে জিজ্ঞাসাবাদ করতে আগামী শনিবার কারাগার থেকে থানায় আনা হবে।