রংপুর: রংপুরে বজ্রপাতে দুই শিশু মারা গেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পীরগাছার কল্যাণী ইউনিয়নের বিহারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কল্যাণী ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম জানান, দুপুরে বাড়ির পাশেই খেলছিল বিহারী গ্রামের বাদল চন্দ্র রায়ের পুত্র বিজয় চন্দ্র (৮)ও পাশের বাড়ির সুনীলের পুত্র দিলীপ (৯)। গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই দুই শিশু মারা যায়।
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।