মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম: ব্রহ্মপুত্র নদে অব্যাহত পানি বৃদ্ধিতে চিলমারী-উলিপুর রেল পথে মাটি ধস দেখা দেয়ায় এ রুটে ২দিন ধরে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ৩ উপজেলার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বন্যাকবলিত কুড়িগ্রামের উলিপুর-চিলমারী রেলপথের রমনা রেলস্টেশন এলাকায় ধস দেখা দিয়েছে। এতে রেল লাইনের স্লিপারের নিচের পাথর ও মাটি সরে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই বড় ধরণের দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষ ৩১ জুলাই থেকে উলিপুর-চিলমারী রুটের রমনা বাজার পর্যন্ত ২টি ট্রেন বন্ধ করে দিয়েছে। এতে জেলার রৌমারী, চিলমারী ও রাজিবপুর উপজেলার যাত্রীরা বিপাকে পড়েছেন। বিশেষ করে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ নেই। রেল নির্ভর ফেরিওয়ালা ও শ্রমজীবী মানুষও কর্মহীন হয়ে পড়েছেন। রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির প্রধান সম্বয়ক নাহিদ হাসান নলেজ জানান, রেলগাড়ি এ অঞ্চলের খেটেখাওয়া দিনমজুর, শিক্ষার্থী এবং দরিদ্র জনগোষ্ঠীর পছন্দের বাহন। কিন্তু গত ২দিন ধরে রেল যোগাযোগ বন্ধ থাকায় এ অঞ্চলের মানুষ চরম বিড়ম্বনায় পড়েছে। জনস্বার্থের কথা বিবেচনা করে রেলপথের ক্ষতিগ্রস্থ অংশ দ্রুত মেরামত করে ট্রেন চালু করা দরকার।
এ ব্যপারে রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।