সিসি নিউজ: দিনাজপুরের কাহারোলে জিহাদি বই ও দেশীয় অস্ত্রসহ শিবিরের ৭ নেতাকর্মী আটক হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভিক্টরি ইন্টারন্যাশনাল নামে শিবিরের আস্তানা হিসেবে পরিচিত একটি স্কুলে আগুন দিয়েছে। এসময় স্কুলটির সাইনবোর্ড, ব্যানারসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে।
এর আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে দিনাজপুর-১ (বীরগঞ্জ- কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বক্তব্য রাখেন। সমাবেশ শেষে স্থানীয় জনতা শিবিরের আস্তানা হিসেবে পরিচিত ভিক্টরি ইন্টারন্যাশনাল স্কুলে অগ্নিসংযোগ করেন।
কাহারোল থানার ওসি মনসুর আলী জানান, শিবিরের সাতজন সদস্যকে পুলিশ তাদের আস্তানা ভিক্টরি ইন্টারন্যাশনাল স্কুলের একটি বাড়ি থেকে আটক করে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় জনতা শিবিরের আস্তানা স্কুলটিতে অগ্নিসংযোগ করে।
তবে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।