বিনোদন ডেস্ক: বহুবছর পর দেশের বাইরে বেড়াতে যাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান। আগামী ১১ আগস্ট বেশ কয়েকদিনের জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতায় যাচ্ছেন তিনি। তবে কোনো শুটিংয়ের জন্য নয়, শুধুমাত্র একান্তে কিছু সময় কাটাতেই এবার কলকাতা যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন এটিএম শামসুজ্জামান।
তিনি বলেন, ‘যদিও আমি একটানা কাজ করি না। কিন্তু তারপরও কাজে কেমন জানি একধরনের একঘেয়েমি চলে এসেছে। এবার ভাবলাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি। তাই কলকাতা যাচ্ছি। সেখান থেকে অন্য কোথাও যেতে পারি। কোনো বিশেষ পরিকল্পনা করিনি। তবে নিজের মতো করেই সময়টা কাটাতে চাই। বাকী সব আল্লাহর ভরসা।’
এদিকে এটিএম শামসুজ্জামান নিয়মিতভাবে মীর সাব্বির পরিচালিত ‘নোয়াশাল’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। এটি আরটিভিতে প্রচার হচ্ছে। এতে এটিএম’র বিপরীতে আছেন ডলি জহুর।