সিসি নিউজ: দেশজুড়ে ২০৪টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপি-এর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে । এতে সকল আইআইজি ও নেশনওয়াইড আইএসপিদের ২৫ আগস্ট রাত ১২টা থেকে তালিকাভুক্ত এসব আইএসপির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
বিটিআরসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ আগস্ট রাত ১২টা থেকে এসব আইএসপির ১০০ ভাগ আপস্ট্রিম ক্যাপাসিটি ব্যান্ডউইথ বন্ধ করে দেয়া হবে, এসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের আবেদন অনুমোদন করা হবে না এবং এদের বিরুদ্ধে ২০০১ সালের টেলিযোগাযোগ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিটিআরসির তালিকা অনুযায়ী, বর্তমানে নেশনওয়াইড, সেন্ট্রাল জোন, আঞ্চলিক এবং বিভিন্ন মহানগরী এলাকার জন্য ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে লাইসেন্সধারী আইএসপির সংখ্যা ৫৫৭টি।
প্রজ্ঞাপনে বন্ধের জন্য তালিকাভুক্ত ২০৪টি আইএসপি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টি নেশনওয়াইড আইএসপি, ২৩টি সেন্ট্রাল জোন আইএসপি, ১৩টি আঞ্চলিক আইএসপি, ৭০টি ঢাকা মহানগরী এলাকায় ‘এ’ ক্যাটাগরিভুক্ত আইএসপি, ২৬টি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট মহানগরী এলাকার ‘বি’ ক্যাটাগরিভুক্ত আইএসপি এবং ৩৯টি অন্যান্য সিটি করপোরেশন এলাকায় ‘সি’ ক্যাটাগরিভুক্ত আইএসপি।
বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেশনওয়াইড বা দেশব্যাপী কার্যক্রম পরিচালনার লাইসেন্স পাওয়া আইএসপিগুলো হলো—এবিএসকো লিমিটেড, এজিআই কমিউনিকেশন লিমিটেড, অ্যাপল নেটওয়ার্ক লিমিটেড, এশিয়া ইনফোসিস লিমিটেড, জে ইন্টারন্যাশনাল কোম্পানি (প্রা.) লিমিটেড, বি টু এম টেকনোলজিস লিমিটেড, বিজনেস ট্রেড সিন্ডিকেট লিমিটেড, কসমস টেকনোলজিস লিমিটেড, ঢাকা টেলিফোন কোম্পানি লিমিটেড, ডাইনামিক অ্যানালজিস, ইআইআর টেল সার্ভিসেস, একটো লিমিটেড, ফ্লোরা লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, গ্লোবাল অ্যাকসেস লিমিটেড, ইন্টিগ্রেটেড বিজনেস কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক সলিউশন, আইএস প্রোস লিমিটেড, মহসিন খান ব্রিক ফিল্ড, নেক্সট কমিউনিকেশন টেকনোলজি, নেক্সটেল টেলিকম লিমিটেড, ওনেট প্রাইভেট লিমিটেড, পিপলস টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, পলি আইটি লিমিটেড, পলিট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড, প্রীতি ইন্টারন্যাশনাল লিমিটেড, প্রশিকা কম্পিউটার সিস্টেম, আরএডব্লিউ বিডি লিমিটেড, টেলিবার্তা লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, টেলিবা আইসিটি লিমিটেড এবং এক্স-লিংক লিমিটেড।