বিনোদন ডেস্ক: নজরুল পুরস্কার পাচ্ছেন খ্যাতিমান নজরুল সঙ্গীতে শিল্পী ও ডেইলি স্টার-এর আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর সাদিয়া আফরিন মল্লিক। অন্যদিকে গবেষণায় অধ্যাপক আবু হেনা আব্দুল আউয়ালও এ পুরস্কার পাচ্ছেন।
আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে জাতীয় যাদুঘরে ২৭ আগস্ট বিকেলে। পুরস্কার প্রদান করবে নজরুল ইন্সটিটিউট।
সাদিয়া আফরিন ছায়ানটের স্বর্ণপদক লাভ করেন ১৯৭৪ সালে। তিনি ৭ বছর সঙ্গীত শিক্ষালাভ শেষ করে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে প্রেসিডেন্ট পদক পান ১৯৬৯ সালে।
পরবর্তীতে আনন্দধারা স্বর্ণপদক, প্রেসিডেন্ট আবু সাঈদ পুরস্কার এবং সম্প্রতি কথা ললিতকলা একাডেমি কর্তৃক গুণীজন সম্মামনা, ‘বর্তমান সংলাপ’ গুণীজন সম্বর্ধনাসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন।
প্রায় ৫ দশক সঙ্গীত জীবনে তিনি ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় অসংখ্য একক কনসার্ট করেছেন। দেশের বিভিন্ন চ্যানেল ছাড়াও বিবিসি চ্যানেল, ভয়েস অব আমেরিকা এবং দূরদর্শনে নজরুল সঙ্গীত পরিবেশন করেছেন তিনি।
মাত্র ১২ বছর বয়সে তিনি প্রথম নজরুল সঙ্গীত রেকর্ড করেন। তবে তার সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ড বের হয় ১৯৯১ সালে বিখ্যাত এইচএমভি থেকে কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের পরিচালনায়।
ফিরোজা বেগম নজরুল পুরস্কার প্রচলনের প্রথম দিকেই পেয়েছিলেন এবং তিনি সাদিয়াকে নিয়ে আমেরিকার বিশ্ববিখ্যাত হাভার্ড, এমআইটি, ইউপেন ক্যাম্পাসে প্রায় ৪ মাসব্যাপী নজরুল সঙ্গীত পরিবেশন করেছেন ৯০ দশকের প্রথম দিকে।
গবেষণায় নজরুল পদক পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবু হেনা। তিনি বহুদিন থেকে নজরুল ইসলামের জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে নিবিড় গবেষণা করেছেন।