নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জয় এগ্রো কেমিকেল লিমিটেড নামের একটি ভেজাল সার কারখানার সন্ধান পাওয়া গেছে। জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুরী দেওয়ানী পাড়ায় এই ভেজাল কারখানা গড়ে তোলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রবিবার রাতে অভিযান চালায় জেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত। এ অভিযানে ওই কারখানায় মজুদ থাকা ২০০ মণ ভেজাল সার ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়। জানা যায়, ওই কারখানার মালিক জীবন সরকার ওই কারখানায় বিভিন্ন ব্রান্ডের নামে ইউরিয়া, পটাশ সহ বিভিন্ন ভেজাল সার বাজারজাত করে আসছিলেন। কারখানাটিতে চীনা পাউডারের সঙ্গে মাটি, বালু, পাথরকুচি ও রং মিশিয়ে ১০ প্রকারের নকল সার উৎপাদন করা হতো। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের বিচারক যোবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ পরিচালক (ভারপ্রাপ্ত) আফতাব হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী প্রমুখ।