নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে অজ্ঞাত এক যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৮টায় জেলার ডোমার উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিদ্যালয়ের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, সকালে ডোমার পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে লাশটি উদ্ধার করে। যুবকের পরনে শার্ট ও প্যান্ট রয়েছে। তার প্যান্টের পকেটে একটি মোবাইল ফোন রয়েছে। তবে লাশটি পানিতে পরে থাকায় চামড়া উঠে গেছে এবং লাশের ডান চোখ ফুলে গেছে। ধারনা করা হচ্ছে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হবে।