আন্তর্জাতিক ডেস্ক: কেফসি’র চিকেন খাওয়া থেকে মুসলামানদের বিরত থাকতে ফতোয়া জারি করেছে ভারতের উত্তরপ্রদেশের বরেলির একটি দরগাহ। দরগাহ-এ-আলা হজরতের মুফতি সলিম নুরি এ ফতোয়া দেন।
মুফতি সলিম নুরি বলেন, কেএফসি’র মাংস খাওয়া একেবারেই ইসলাম ধর্মের বিরুদ্ধে। কারণ, কেএফসি’র মাংস হালাল নয়। কেফএসি’র কোনো দোকানই মুসলমান ক্রেতাদের সামনে কিংবা শরীয়াহ মোতাবেক মাংস রান্না করে না।
তিনি আরো বলেন, শুধু হালালভাবে মুরগী জবাই করলেই হয় না। মাংস কাটা, প্রক্রিয়া এবং রান্নার মধ্যেও হালাল-হারাম জড়িত আছে। কেএফসি’র আউটলেটগুলোতে কখনোই মাংস প্রক্রিয়াজাতকরণ কিংবা রান্নায় ইসলামিক বিধান অনুযায়ী করা হয় না। তাই এটি হারাম।’
শুধু তাই নয় এ সম্পর্কে সলিম নুরি আরো বলেন, ‘দোকানের সামনে যদি হালাল সম্পর্কিত সার্টিফিকেটও লাগানো হয়, তাহলেও সেটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। কারণ কেএফসি তাদের তৈরি খাবারগুলো ঠিক কীভাবে তৈরি করা হয়েছে তা সম্পর্কে কখনোই বিস্তারিতভাবে জানায় না।’
তাৎক্ষণিকভাবে এটি মৌখিকভাবে ঘোষণা করা হয়েছে। খুব শিগগির ফতোয়াটি লিখিত আকারে প্রকাশ করা হবে বলে জানান মুফতি সলিম নুরি। সূত্র: হিন্দুস্তান টাইমস