জয়পুরহাট: জয়পুরহাট পুলিশ লাইনের পুকুর থেকে জেলার গোয়েন্দা বিভাগের উপ- পরিদর্শক শাহ আলমের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাত ন’টায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম পাবনার চাটমোহর উপজেলার চরনবীন গ্রামের জহির রায়হানের ছেলে।
জেলা পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, গোয়েন্দা বিভাগের সহকারী উপ-পরিদর্শক শাহ আলম আজ সকাল দশটায় পুলিশ লাইন পুকুরে গোসল করতে যান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। রাতে পুকুরপাড়ে তার ব্যবহার করা তোয়াল দেখে তার সহকর্মীদের সন্দেহ হয়।
রাত ন’টার দিকে ওই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে এমন আশঙ্কা করে পুলিশ সুপার জানান, শুক্রবার ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহত শাহ আলম মাত্র ২০ দিন আগে জেলার আক্কেলপুর থানা থেকে বদলি হয়ে গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করছিলেন।