রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): অবশেষে কুড়িগ্রামের রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজটিকে জাতীয়করণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূর্ব ঘোষিত রাজারহাট মহিলা ডিগ্রী কলেজটি অনিবার্য কারণে জাতীয়করণের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান ০৭-০৮-২০১৬ ইং স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। এ খবর ছড়িয়ে পড়লে এম. আই ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা আনন্দে ফেঁটে পড়েন। রাতেই কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরীর কুড়িগ্রামস্থ বাসভবনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মো. সফিকুল ইসলাম রানা এবং শিক্ষক প্রতিনিধি সাজেদুর রহমান মন্ডল চাঁদ, গোলাম ফারুক ও মিসেস দিলরুবা বেগমের নেতৃত্বে ওই প্রতিষ্ঠানের শিক্ষকরা ফুলেল শুভেচ্ছাসহ এমপিকে মিষ্টি মুখ করান। এ বিষয়ে অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা বলেন, দীর্ঘদিন পর হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতিষ্ঠানটিকে জাতীয় করণে অন্তর্ভূক্ত করায় প্রতিষ্ঠান তথা রাজারহাটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। শিক্ষক প্রতিনিধি এবং অত্র প্রতিষ্ঠান জাতীয় করণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাজেদুর রহমান মন্ডল চাঁদ বলেন, অবশেষে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক, রাজারহাটবাসী তথা মিডিয়া কর্মীরা আমাদের ন্যায্য অধিকার তাদের লেখনীর মাধ্যমে দেশবাসী তথা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন। পাশাপাশি আন্দোলনে সম্পৃক্ত সকলকে মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি।