
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে নানার বাড়িতে বেড়াতে এসে ছয় বছরের শিশুর সলিল সমাধি হয়েছে। নিহত শিশুটি হলো, বায়েজিদ। সে জেলার ডিমলা উপজেলার উত্তর সুন্দরখাতা গ্রামের সোহেল রানার ছেলে। শনিবার দুপুরে একই উপজেলার গয়াবাড়ী গ্রামে তার নানা হোসেন আলীর বাড়ীতে পুকুরে পরে মারা যায়।
এলাকাবাসী জানায়, নিহত শিশুটি তার মা সহ গত দুইদিন আগে তার নানার বাড়ীতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় নানার বাড়ীর অদুরে একটি পুকুরে মাছধরা দেখতে যায়। এরই এক পর্যায়ে সে সকলের অজান্তে পুকুরে ডুবে যায়। তাকে পাওয়া না যাাওয়ায় পুকুরে জাল ফেললে শিশুটি পুকুর হতে উদ্ধার হয়। এলাকাবাসী তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।