ঢাকা: শিক্ষকদের রাজনীতি না করার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
মন্ত্রী বলেন, শিক্ষকদের উচিৎ শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়া। তাই রাজনীতির প্রতি আকৃষ্ট না হয়ে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হন। এতে করে শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করা সম্ভব হবে। এসময় তিনি শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে বলেও মন্তব্য করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহামুদুর রহমান জনির সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদ রাজিব আহমেদ রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।