সিসি নিউজ: সারা দেশে এখনো ৪০ জনের মতো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, এই নিখোঁজদের অধিকাংশই জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ বুধবার পুলিশ সদর দপ্তরে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক জঙ্গি হামলাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আইজিপি। এই তিনজনের একজন হলেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী, তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার এলাকায়। অন্য দুজন হলেন যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়ার ফজলে রাব্বি এবং রাজধানীর ধানমন্ডির তাওসিফ হোসেন।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক জঙ্গি অভিযানগুলো সাজানো বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে দুঃখজনক উল্লেখ করে আইজিপি শহীদুল হক বলেন, দিনের আলোতে অভিযান হয়েছে। সবাই তা দেখেছে। পুলিশের অভিযানে কোনো অস্পষ্টতা ছিল না। বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে তিনি বলেন, ‘তাঁর নিজস্ব লোক আছে। তদন্ত করে দেখতে পারেন ঘটনা সাজানো কি না।’ এ সময় আইজিপি ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় জজ মিয়া নাটকের সমালোচনা করেন।
সাম্প্রতিক সময়ে জঙ্গিদের উত্থান সম্পর্কে পুলিশ প্রধান বলেন, ২০১৩ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় পুলিশ ও গোয়েন্দারা তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারেনি। এ সুযোগে জঙ্গিরা সংঘবদ্ধ হয়েছে।
সংবাদ সম্মেলনে স্ত্রী হত্যাকাণ্ডের পর এসপি বাবুল আক্তারের পদত্যাগের বিষয়টি স্বাভাবিকভাবে দেখছেন কি না, জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি (বাবুল আক্তার)। চাকরি করতে চান না। তাঁর পদত্যাগপত্র জমা দেওয়ার পরও আমরা দেড় মাস অপেক্ষা করেছিলাম। দেড় মাস পর পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা নেবে।’



