নীলফামারী প্রতিনিধি: নীলফামারী পৌরসভার তিন নম্বর ওয়াডের কাউন্সিল এবং প্যানেল মেয়র-১ শামসুল হক সাময়িক বরখাস্ত হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ কর্তৃক জারিকৃত এক আদেশে শামসুল হককে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খলিল আহমদ গত ১৮ আগষ্ট ২০১৬ ইং স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দিয়েছেন। যার স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৬.১৬-৯৭৮। প্যানেল মেয়র শামসুল হকের বিরুদ্ধে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে। মামলা নং-১২২/০৫। তারই আলোকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপ ধারা (১) মোতাবেক শামসুল হককে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইনে মেয়র অথবা কাউন্সিলরদের বিরুদ্ধে ফৌজদারী মামলার অভিযোগ পত্র থাকলে ও বিজ্ঞ আদালতে গৃহীত হলে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করার বিধানও রয়েছে। নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।