চাঁদপুর প্রতিনিধি: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ঈদকে ঘিরে লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যায়নি। শনিবার দুপুরে চাঁদপুরের হরিণা ফেরিঘাট পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ঈদকে ঘিরে লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া যায়নি। এ ছাড়া লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পুরোপুরি সঠিক নয়। কারণ, লঞ্চে অন্য সময় যাত্রীদের পাশাপাশি প্রচুর পণ্য বহন করা হয়। ঈদের সময় ছাদে বা লঞ্চের ভেতরে অতিরিক্ত যাত্রী দেখা গেলেও তা অতিরিক্ত নয়।
মন্ত্রী আরো বলেন, গত ৯ মাসে কোনো নৌ-দুর্ঘটনা হয়নি। আর কটি মাস পার করতে পারলে আমরা ২০১৬ সালকে নৌ-দুর্ঘটনামুক্ত একটি বছর হিসেবে ঘোষণা করতে পারব। , ‘বাংলাদেশে যতগুলো ফেরীঘাট ও লঞ্চঘাট পরিদর্শন করছি, সবগুলোতে বিভিন্ন সমস্যা সমাধানের ব্যবস্থা করছি। স্পেশালি ঈদের জন্য নৌ-কমিউনিটি পুলিশ রয়েছে। তারা সদরঘাটসহ বড় লঞ্চঘাটে দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত যাত্রীর বিষয়ে তিনি বলেন, ‘ঈদে অতিরিক্ত যাত্রী চলাচলের বিষয়ে আমাদের কাছে কিছু অভিযোগ রয়েছে। সাধারণত লঞ্চের ছাদে কিছু যাত্রীরা উঠে যায়, তখন মনে হয় অনেক, আসলে এতো যাত্রী নয়।’
এর আগে নৌ -পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান এমপি শনিবার সকাল সোয়া ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে হেলিকপ্টারযোগে চাঁদপুরে অবতরণ করেন। আসন্ন ঈদে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ঠিক রাখতে সকল ফেরীঘাট ও বড় ধরণের লঞ্চঘাটের পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুরের হরিণা ফেরীঘাট ও লঞ্চঘাট পরিদর্শনে করতে মন্ত্রীর এ সফর বলে জানিয়েছেন জেলা প্রশাসনের একটি সূত্র।
এসময় মন্ত্রী চাঁদপুর স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামার সাথে সাথেই স্বাগত জানান, জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আ’লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রেসক্লাব সভাপতি বিএম হান্নানসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এরপর তিনি মেঘনার পাড়ে চাঁদপুর ফেরীঘাট পরিদর্শনে যান। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ভোলানাথ দে, জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, মন্ডর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।