আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): যানজটে ভরা ছোট্র একটি শহরের নাম রংপুরের বদরগঞ্জ। বদরগঞ্জের বুক চিরে চলে গেছে রংপুর-পার্বতীপুর মহাসড়ক। এই ছোট্র শহরে বাইপাস সড়ক না থাকার কারণে দেড় কিলোমিটার জুড়ে প্রধান সড়কটিতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এছাড়া সড়কের ধারে ভারি যানবাহন থেকে মালামাল আনলোড করার ফলে ভোগান্তি মুক্তি পাচ্ছেনা শহরের ৫ লাখ মানুষ। আজ শনিবার সকালে শহরের হক সাহেবের মোড় এলাকায় আধাঘন্টা ধরে যানজটে আটকা পড়ে হয়রানীর শিকার দুটি হাতি। এসময় শতশত পথচারী প্রচন্ড রোদে দাড়িয়ে এই দৃশ্য উপভোগ করে।
পৌর শহরের উপর দিয়ে উত্তর দিকে চলে গেছে বদরগঞ্জ-সৈয়দপুর। দক্ষিণে চলে গেছে বদরগঞ্জ-মিঠাপুকুর ও পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনিপ্রকল্প আঞ্চলিক সড়ক। একই সময়ে সকল সড়ক থেকে ছেড়ে আসা ছোট বড় যানবাহন বদরগঞ্জ পৌরশহরের উপর দিয়ে চলাচল করায় বদরগঞ্জ-পার্বতীপুর, বদরগঞ্জ-রংপুর, বদরগঞ্জ-সৈয়দপুর সড়কগুলো যানজটে ভরা থাকে। যার ফলে স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে জরুরী রোগীকে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হিমশিম খেতে হয়। এছাড়াও অনেক সময় জরুরী আগুন নেভানোর কাজে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়ি যানজটে আটকা পড়ে সময়মত গন্তব্যে পৌছিতে পারেনা।
পৌর শহরের হক সাহেবের মোড়ের জুয়েলারী ব্যবসায়ী মনা চক্রবর্তী সিসি নিউজকে জানান, এতোদিন দেখেছি রিকসা-ভ্যান, অটো, বাইক ও বাস ট্রাকের যানজট। কিন্তু আজ প্রথম দেখলাম এই যানজট থেকে রেহাই পায়নি দুটি হাতি। তারা আধাঘন্টা ধরে রোদের মধ্যে দাড়িয়ে থাকতে থাকতে নাকাল হয়ে পড়েছিল। এবিষয়ে বদরগঞ্জ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন; বদরগঞ্জ পৌরসভার পক্ষ্যে বাইপাস সড়ক নির্মাণ করা সম্ভব নয়। আপনারা এমপি মহোদয়ের সাথে কথা বলেন।
এরপর রংপুর-২ আসনের সাংসদ আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক মোবাইল ফোনে বলেন; বদরগঞ্জে বাইপাস সড়ক নির্মাণ করা অত্যন্ত জরুরী। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে করে খুব শীঘ্রই বদরগঞ্জে একটি বাইপাস সড়ক নির্মাণ করা হয়। তবে বদরগঞ্জ পৌর শহরের যানজটের বিষয়টি দেখবেন পৌর মেয়র।