নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, জেলার ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী গ্রামের জাহেদুল ইসলামের ছেলে আশিক (২৮), পুর্ব বোড়াগাড়ী গ্রামের গোলাম মোস্তফার ছেলে রফিকুল ইসলাম (২৫) ও জোড়াবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মাহাবুব (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। আজ মঙ্গলবার ভোরে পঞ্চগড় জেলা পুলিশের এএসপি কফিল উদ্দিন, এসআই ফিরোজ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করে। জানা যায়, ওই তিনজন তাদের গ্র“পের অনান্য সদস্যদের নিয়ে পঞ্চগড়, ঠাকুরগা ও দিনাজপুর জেলার বিভিন্ন সড়কে অটো ও মোটর সাইকেল ডাকাতি করে। ডাকাতি করা মোটর সাইকেলগুলো পঞ্চগড়ে ও অটোগুলো নীলফামারী জেলার ডোমার উপজেলার নিমোজখানা হাটে এনে তারা বিক্রি করত। এ দলের দুই জন সদস্য সম্প্রতি পঞ্চগড় পুলিশের হাতে আটক হয়। আটককৃতদের দেয়া তথ্য মতে গতকাল রাতব্যাপী অভিযান চালিয়ে ওই দলের এ তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। পঞ্চগড় জেলা পুলিশের এএসপি কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।