রাষ্ট্রপতি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, তারা যেন সপ্তাহে একবার অথবা অন্তত মাসে একবার হলেও গ্রামের লোকদের চিকিৎসা প্রদান করতে তাদের নিজ নিজ গ্রামে যান। তিনি বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন হয় চাহিদাভিত্তিক, তা মানুষের সামর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আবদুল হামিদ বলেন, আয় এবং ব্যয়ের পাশাপাশি বিষয়টিকে অবশ্যই মানবতা ও মানব কল্যাণ হিসেবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। হৃদরোগকে বাংলাদেশে মৃত্যুর অন্যতম প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, হৃদরোগের কারণে দিন দিন মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে এবং এই রোগ সম্পর্কে মানুষকে আরো সচেতন করতে চিকিৎসকদের প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, মানুষকে এই রোগ সম্পর্কে অবহিত করে হৃদরোগের প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি।