সিসি ডেস্ক: বরিশালের বানারীপাড়ার দাসেরহাট বাজারের মসজিদ বাড়ি ঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় আরো ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ২৭টি মরদেহ উদ্ধার করা হলো।
শুক্রবার সকালে সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে এক শিশু ও দুই নারীর মরদেহ ভেসে ওঠে। পুলিশের হিসাব অনুসারে এখনও নিখোঁজ রয়েছে ২ জন।
উদ্ধার হওয়া মরদেহগুলো শিশু জিদান ( ৮), আলপনা (২৫) ও মমতাজ বেগমের (৪০) বলে পুলিশ শনাক্ত করেছে।
এর আগে বৃহস্পতিবার সকাল পৌঁনে ৯টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর থেকে রাত ৮টা পর্যন্ত সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে ভেসে ওঠা এক শিশু, ৩ নারী এবং ২ পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নৌযানটির কোনো রেজিস্ট্রেশন এবং রুট পারমিট ছিলো না বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় নৌযান মালিকের বিরুদ্ধে মেরিন আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।