সিসি নিউজ: পুলিশের হাতে আটক চোর ৪তলা থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে কোমর ভেঙ্গে ফের পুলিশের হাতে ধরা পড়েছে। পরে পুলিশের পাহারায় গুরতর আহত ওই চোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে।
সূত্র মতে, সোমবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের ইসলামবাগ এলাকা থেকে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তার একটি মটর সাইকেল চুরি যায়। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর গোলাহাট পুলিশ ফাঁড়ির এটিএসআই তোফায়েল আহমেদ গোলাহাট থেকে মঙ্গলবার ভোর রাতে থানার তালিকাভুক্ত কুখ্যাত চোর বকুল ওরফে শুভকে (২৬) আটক করে। এসময় মাদকাসক্ত চোর শুভ পুলিশের কাছে অসুস্থতার কথা জানায়। পরদিন পুলিশী পাহারায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়। সোমবার বিকেলে ওই চোর কৌশলে প্রকৃতির ডাকে সাড়া দিতে চার তলার বাথরুমে ঢুকে ভেন্টিলেটর ভেঙ্গে পালানোর চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেয়ে দায়িত্বরত পুলিশ বাথরুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার মূহূর্তে চোর শুভ পালানোর জন্য ভেঙ্গে ফেলা ভেন্টিলেটর দিয়ে ৪তলা থেকে লাফ দেয়। এতে তার কোমরে মারাত্মক আঘাত পেয়ে ওই স্থানেই পড়ে থাকে।
হাসপাতালে আসা রোগীর স্বজন ও পুলিশ চোর শুভকে ফের আটক করে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সিসি নিউজ’র কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ওই চোর মাদকাসক্ত ছিল।