চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে স্কুলছাত্র মিরাজ প্রধানিয়াকে হত্যার অপরাধে ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা করে জরিমানা করেছেন চাঁদপুরের আদালত। বৃহস্পতিবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এই রায় প্রদান করেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন : মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরী গ্রামের সেলিম প্রধান, হাশেম বেপারী, আলী এরশাদ, মনোয়ারা বেগম, মতিন মিয়া, ও নান্নু। এদের মধ্যে আলী এরশাদ ছাড়া বাকি আসামিরা পলাতক রয়েছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ৬ জুন বিকেলে নিহত মিরাজের পিতা ও মিরাজ, জসিম উদ্দিন নামের ব্যাক্তির বাড়ির সামনে পৈত্রিক সম্পত্তিতে কাজ করতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা আসামিরা মিরাজকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় পরদিন ৭ জুন ভোর ৬টায় সে মৃত্যুবরণ করে।
এ ঘটনায় মিরাজের পিতা ফজলুল হক প্রধান বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা লুৎফর রহমান ২ বছর তদন্ত শেষে ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। ২২ জন সাক্ষীর সাক্ষ গ্রহন শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ আজ এই রায় প্রদান করেন।