নীলফামারী প্রতিনিধি: এক সপ্তাহ পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার নীলফামারী জেলায় ৮১৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন মন্দিরে সরজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়, এই পূজাকে ঘিরে জেলা জুড়ে ইতোমধ্যেই প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। এখন রাত দিন একাধারে চলছে রং তুলির কাজ। সৌন্দর্য বাড়াতে রং শিল্পীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে শিল্পীদের ব্যস্ততা। দম নেওয়ারও ফুসরত নেই তাদের। প্রতিমা শিল্পীরা নিপুণ হাতে তৈরী করেছেন এক একটি প্রতিমা। নিজ সন্তানের মত অতি ভালবাসায় তৈরি করা হয়েছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। প্রতিমার আকার ও শৈল্পিক গঠন অনুযায়ী প্রতিমা শিল্পীরা পারিশ্রমিক নিয়ে থাকেন। প্রতিমা শিল্পীরা জানান, ইতোমধ্যেই প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে। প্রতিমাগুলো শুকালেই রং তুলির কাজ শুরু করা হবে। এ অবস্থায় প্রতিমা শিল্পিরা সহযোগীদের নিয়ে দিন রাত পরিশ্রম করছেন। প্রতিমাকে মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে মনোযোগ দিয়ে কাজ করতে হয়। প্রতিমার পাশাপাশি সব মন্দিরে চলছে আলোকসজ্জা, তোরণ ও প্যান্ডেল তৈরীর কাজ। অপেক্ষা এখন শেষ তুলির আচড়ের।