নীলফামারীঃ বার বার শিক্ষা ব্যবস্থার পরিবর্তণ ও অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে নীলফামারী শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ গ্রহণ করে। পরে সেখানে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চম্পক রায়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ জিলান, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জারিন তাসমিন, সাদিয়া রহমান, একই বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী সোমা রায়, নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল এ- কলেজের শিক্ষার্থী জিহাদ সরকার, পুলিশ লাইন্স একাডেমির শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সময়ের ব্যবধানে আগে আমাদের ১০০ মার্কের পরীক্ষায় সৃজনশীল ৯টি প্রশ্নের মধ্যে ৬টির উত্তর লিখতে হত। বর্তমানে শিক্ষা নীতি পরিবর্তণ করে সৃজনশীল প্রশ্ন করা হয়েছে ১১টি। এর মধ্যে ৭টির উত্তর লিখতে হবে। বাড়তি একটি সৃজনশীল প্রশ্ন বাতিল করার দাবি জানান তারা। তারা বলেন, এমন শিক্ষা নীতি আমরা মানি না মানব না।
বক্তারা বলেন, সময় সল্পতার কারনে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর লিখতে না পারার কারনে অধিকাংশ শিক্ষার্থীর ফলাফল বিপর্যয় ঘটবে। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি দেন শিক্ষার্থীরা।