সিসি ডেস্ক: অতিথি আপ্যায়নে বেশ সুনাম রয়েছে বাঙালির। সেই সঙ্গে এতে রয়েছে নিজস্ব ঐতিহ্য। অতিথি আপ্যায়নে তেমনই এক ঐতিহ্যের নাম ‘পান’। আর সেই ঐতিহ্যবাহী পান দিয়েই আপ্যায়ন করা হচ্ছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আসা অতিথিদের।
অতিথিদের সেই পান পরিবেশন করা হয়েছে সজ-মশলা আর সুপারি দিয়ে পলিথিনে মুড়িয়ে কাগজের বক্সে করে। সঙ্গে দেওয়া হয়েছে দাঁত খিলি করার কাঠি।
সম্মেলনে আসা কাউন্সিলর, ডেলিগেট আর আমন্ত্রিত অতিথিদের দুপুরে ভোজন করানো হয়েছে মোরগ-পোলাও দিয়ে। সেই সঙ্গে ছিলো মুখ রুচক ফিরনী, কোক আর পানি।
এদিকে খাবার বিতরণ করতে আলাদা আলাদা দশটি বুথ করা হয়েছে। এর মধ্যে আট বিভাগের জন্য আটটি আর মহিলা এবং ঢাকা মহানগরের জন্য আলাদা দুটি বুথ করা হয়। কাউন্সিলর আর ডেলিগেটরা নিজ নিজ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বুথ থেকে খাবার সংগ্রহ করেন।
এ ব্যাপারে আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক মোফাজ্জল হোসেন চৌধুরি মায়া বলেন, ‘সম্মেলনকে ঘিরে রাজধানীসহ সারাদেশেই উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রথমদিন দুপুরে ৩৫ হাজার লোকের খাদ্য বিতরণ করা হয়েছে। রাতে সাড়ে ৭ হাজার লোকের খাবার দেয়া হবে।’