বরিশাল: বরিশাল নগরীর রূপাতলীর ধান গবেষণা সড়কের খেয়াঘাট এলাকায় এক গৃহবধূকে (১৮) গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর বিভিন্ন স্থান থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর রূপাতলীর ধান গবেষণা সড়কের খেয়াঘাট এলাকার বাসিন্দা মানিক গাজির ছেলে রাসেল গাজি, খলিল জমাদ্দারের ছেলে রাজিব জমাদ্দার, গ্যাসটারবাইন এলাকার ভাড়াটিয়া আইয়ুব আলী খানের ছেলে রোকন খান ও একই এলাকার মো. আলী হাওলাদারের ছেলে মো. জাহিদ হাওলাদার।
এর আগে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় গ্রেফতারকৃত চারজন ছাড়াও আরো ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে আরো যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।