কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে বিএসএফে’র গুলিতে এক বাংলাদেশী মারাত্মক ভাবে আহত হয়েছে। সীমান্তবাসী সুত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ বাংলাদেশি গরু চোরাকারবারী দল ভারত থেকে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪২ এর সাব পিলার ৮-এসের পাশ দিয়ে গরু আনতে গেলে ভারতীয় সেউটি-২ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি বর্ষন করে। এতে উপজেলার ধর্মপুর গ্রামের সহিদার রহমানের ছেলে খাইরুল ইসলাম(২৬) গুরত্বর আহত হয়। এ সময় অন্যান্য চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও খাইরুল ইসলামের বুকের ডান দিকে গুলি লেগে সে মারাত্মক ভাবে আহত হয়। পরে সঙ্গীরাসহ এলাকাবাসী তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে গোপনে রংপুরের বিভাগীয় শহরের কোন এক ক্লিনিকে চিকিৎসা করছে বলে একাধিক সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল মজিদ জানান, ভারত ও বাংলাদেশের কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকে এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। এতে সেউটি-২ ক্যাম্পের ইন্সপেক্টর এ সি নবীন গুলি বর্ষনের ঘটনাটি সম্পুর্ন রুপে অস্বীকার করেন।
এ ব্যাপারে অফিসার ইন্চার্জ এবি এম রেজাউল ইসলাম জানান, বাংলাদেশী খায়রুল ইসলাম নামের একজন চোরাকারবারী ভারতে চোরাকারবারী কাজে গেলে বিএসএফ তাকে গুলি করে আহত করে।