হিলি প্রতিনিধি: সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশ ও অস্ত্রসহ আটকের দায়ে বাংলাদেশে সাজাভোগের পর ভারতে ফিরে গেলেন সুদেব মোহন্ত ও লিটন বর্মন নামের দুই ভারতীয়। শুক্রবার দুপুর ১.৩০ টায় হিলি চেকপোষ্ট দিয়ে হিলি ইমিগ্রেশন পুলিশের এএসআই মারুফ হোসেন ভারত ইমিগ্রেশন পুলিশের ইন্সপেক্টর নাজির হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন।
ইমিগ্রেশন কর্মকর্তা জানান, দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার গোবিন্দপুর গ্রামের সুকেশ মোহন্তের ছেলে সুদেব মোহন্ত ২০০৮ সালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বাসুপাড়া সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। পরে আদালত সুদেব মোহন্তকে ১০ বছরের সাজা দিলে সে দিনাজপুর কারাগারে আটক ছিলো।
অপরদিকে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট থানার পতিরাম গ্রামের ষষ্টি বর্মনের ছেলে লিটন বর্মন ২০১২ সালে অবৈধ ভাবে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির হাতে আটক হয়। আদালত তাকে সাড়ে ৪ বছরের সাজা প্রদান করেন। লিটন মোহন্তও দিনাজপুর কারাগারে আটক ছিলো।
সাজা শেষে তাদের ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।