সিসি নিউজ: দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণসহ পাশবিক নির্যাতনের শিকার পাঁচ বছরের শিশু পূজা রানীর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অপারেশন চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
অপারেশনের দায়িত্বে ছিলেন- ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল, ঢামেকের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক আবুল কালাম, গাইনীর অধ্যাপক ছাহেরা আক্তার ও ইউরোলজি বিভাগের অধ্যাপক শাহদাৎ হোসেন।
অধ্যাপক আশরাফুল হক কাজল জানান, শিশুটির যৌনাঙ্গ ও মূত্রনালি ক্ষত বিক্ষত ছিলো, এগুলো পুনর্গঠন করা হয়েছে। অপারেশনের পরে শিশুটিকে আইসিইউতে রাখা হয়েছে। আজ সারাদিন তাকে আইসিইউতে রাখা হবে। মঙ্গলবার তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) নেয়া হবে।
তবে শিশুটির অঙ্গহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জমিরহাট তকেয়াপাড়া গ্রামে শিশুটিকে বর্বরোচিত নির্যাতন করা হয়। নিখোঁজের এতদিন পর ১৯ অক্টোবর ভোর ৬টায় শিশুটিকে বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৫ অক্টোবর ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। এ ঘটনায় নির্যাতিতা শিশুর বাবা গত ২০ অক্টোবর প্রতিবেশী মাদকসেবি সাইফুল ইসলাম (৪১) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৭) আসামি করে পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ।