ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া খনির কারণে আশেপাশের ক্ষতিগ্রস্ত ৯ গ্রামের মানুষ আট দফা দাবিতে মানববন্ধন করেছে। ক্ষতিগ্রস্তদের নিয়ে গঠিত জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির ডাকে সোমবার সকাল ১১টা বড়পুকুরিয়া বাজার-ফুলবাড়ী সংযোগ সড়কের পাশে এ মানববন্ধন করা হয়।
জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আট দফা দাবিগুলো হচ্ছে-ঘরবাড়ী ফাটল রোদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, খাবার পানি সরবরাহ, বাইপাস সড়ক নির্মাণ, ক্ষতিগ্রস্ত খনি এলাকারবাসীদের আবাসন ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত এলাকার বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে খনিতে চাকরি প্রদান, ২০১১ সালে ক্ষতিগ্রস্তদের সাথে খনি কর্তৃপক্ষের স্বাক্ষর করা সমঝোতা চুক্তি মোতাবেক, বহিরাগতদের চাকরি প্রদান বন্ধ করা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের হোল্ডিং কর প্রদান করা।
মানববন্ধন বড়পুকুরিয়া স্কুল অ্যাড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের, জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির যুগ্ম আহবায়ক মো. লিয়াকত আলী মণ্ডল, মো. আব্দুল গণি, আলহাজ বেলাল হোসেন, জাপা কেন্দ্রীয় নেতা সোলায়মান সামী, সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এ সময় হামিদপুর ইউপি চেয়ারম্যান মো. সাদেকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মণ্ডল, ব্যবসায়ী জিয়াউর রহমান, রেজওয়ানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।