নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পিএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রেই এক পরীক্ষার্থীকে মারধর সহ হুমকি প্রদান করেছেন এক ইউপি চেয়ারম্যান। এ ঘটনার পর পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বপালনকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। এ নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার ফার্মের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে।
মারধরের শিকার পরীক্ষার্থী হলেন, জামিরবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সামিউল হক। পিএসসি পরীক্ষায় তার রোল নং-৫৩৪৭। সে বড়গাছা বানিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মারধরের শিকার ছাত্রটি জানায়, রবিবার পিএসসি পরীক্ষার প্রথমদিন সে যথানিয়মে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওই পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি সামিউল হকের কাছে জানতে চান তার দেয়া উত্তর কিভাবে তার পিছনের ছাত্রটি লিখলেন। সামিউল কি পিছনের ছাত্রটির দেখে লিখেছেন কিনা তা জানতে চায় চেয়ারম্যান আবুল কালাম আজাদ। পরীক্ষার্থী সামিউল না জবাব দেবার পরেও চেয়ারম্যান তাকে ডোমার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল শাহাজাদা সহ অপরাপর শিক্ষকদের উপস্থিতিতে পরীক্ষার্থী সামিউলকে মারধর করে ও নানাভাবে ভয়ভীতি প্রদান এবং হুমকি প্রদর্শন করেন। এ ঘটনার পর থেকে ছাত্রটি অজানা আতংকে ভুগছেন।
এ ব্যাপারে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, এটা তার বিরুদ্ধে চক্রান্ত। এ ব্যাপারে ডোমার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহেল শাহজাদা জানান, তারা জনপ্রতিনিধি আমরা কিভাবে তাদেরকে নিষেধ করব।