গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার করা রিটের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
স্বরাষ্ট্রসচিব, আইজিপি, গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রুলে বিবাদী করা হয়েছে।
সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সোমবার রিট করেন জ্যোতির্ময় বড়ুয়া। রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেন।
এর আগে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় তিনটি সংগঠন রিট করে। সেই রিটের পরিপ্রেক্ষিতে আদালত কয়েকটি নির্দেশনাসহ রুল জারি করেছিলেন।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে বসবাসরত প্রায় আড়াই হাজার সাঁওতাল বসতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয় বাঙালি-পুলিশ ও সাঁওতালদের মধ্যে সংঘর্ষে তিন সাঁওতাল নিহত এবং বেশ কয়েকজন আহত হন। মামলা করা হয় শতাধিক সাঁওতালের নামে।
সাঁওতালদের ওপর হামলা, লুটপাট ও ঘরে অগ্নিসংযোগের অভিযোগেও অজ্ঞাতপরিচয় ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা হয়েছে।