ঢাকা: সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, বিকেলে কারখানাটিতে আগুন লাগে। এসময় আগুন মুহূর্তের মধ্যে পুরো টিনসেড কারখানাটিতে ছড়িয়ে পড়ে। কারখানা থেকে তাড়াহুড়ো করে অনেক শ্রমিক বের হয়ে আসতে পারলেও এখনও অনেকে আটকা পড়ে আছে।
এ ঘটনার পর পর এলাকাবাসী এগিয়ে এসে কারখানার ভিতর থেকে ৩০জন নারী শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে জিরোবো বিশমাইল সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।
ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে আশুলিয়া ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে তিনি দগ্ধদের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।