দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ২৮৪ জন বিদেশী নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেছে খনি কর্তৃপক্ষ।
বুধবার (২৩ নভেম্বর) খনির সভাকক্ষ ‘মনমেলা’য় আয়োজিত “সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রচারনা” শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএমএন আওরঙ্গজেব বলেন, বড়পুকুরিয়া কয়লা খনিতে ব্রিটেন ও চীনের মোট ২৮৪ জন নাগরিক কর্মরত রয়েছেন। সাম্প্রতিক জঙ্গীদের প্রধান টার্গেট হওয়ায়, এসব বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে, খনির চারিদিকে সড়ক নির্মাণ করে সার্বক্ষনিক টহল ব্যবস্থা জোরদার করা, গোটা খনি এলাকা নিরাপত্তা ক্যামেরার আওতায় আনা, বাইরে বিদেশীদের অবাধ চলাফেরা নিয়ন্ত্রনে খনির অভ্যন্তরে সপিং মল স্থাপন করা। এছাড়াও খনির অভ্যন্তরে যাতায়াতকারীদের ভেতরে আসা এবং বাইরে যাওয়ার বিষয়ে আঙ্গুলের ছাপ নেয়া হয়।
খনির ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, বড়পুকুরিয়া কয়লা খনিটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ায় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অনেকটাই ভূমিকা পালন করে আসছে এবং এই খনির উন্নয়নে বিদেশীদেরও ভূমিকা রয়েছে। তাই এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বিদেশীদের নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপুর্ণ এই খনিটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের কোম্পানী সচিব ও মহাব্যবস্থাপক আবুল কাসেম প্রধানীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক মীর মো. আব্দুল হান্নান, এলাকাবাসীর পক্ষে মমতাজ আলী, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম, উপমহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক, ব্যবস্থাপক মামুনুর রশিদ সরকার, সহকারী ব্যবস্থাপক সাজিউল ইসলাম সাজু, বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান প্রামানিক ও যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।