নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ব্যবসায়ী তর্পনঘাট গ্রামের মহসিন আলী জানান, রাতের আধারে কে বা কারা তার দোকান ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমিরার ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৬৫ হাজার টাকা, গ্রামীণ, রবি, বাংলালিংক কোম্পানির ১ লক্ষ ৫৫ হাজার টাকার মোবাইল কার্ড, ৮ হাজার টাকার গোল্ডলিফ সিগারেট, ৯ হাজার টাকার ব্যানসন সিগারেট সহ আরও প্রায় ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মুল্যবান মুদি মালামাল চুরি হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী মহসিন আলী নবাবগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন। উপজেলা সদরে চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ব্যবসায়ীক মহল। স্থানীয় ব্যবসায়ী ও ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম জানান, একের পর এক রাতে দিনে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হলেও অভিযুক্তদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারছে না পুলিশ। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
গম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা
গত সোমবার আধুনিক পদ্ধতিতে গম ফসল উৎপাদন, কলাকৌশল বিষয়ে দিনাজপুরের নবাবগঞ্জে চাষী পর্যায়ে উন্নত মানের ধান, গম ও নাবী পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় গম প্রদর্শনী, চাষী প্রশিক্ষণ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মল্লিকা সেহানবীশ। উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাহেবুর রহমান জানান, ওই প্রশিক্ষণ কর্মশালায় ৯০ জন গম চাষী প্রশিক্ষণ নিয়েছে।
নবাবগঞ্জে মাঠ দিবস
গত সোমবার দিনাজপুরের নবাবগঞ্জে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট এর আওতায় উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের শিবপুর আইএফএমসি কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান।