দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর।
এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষায় অংশ গ্রহনের জন্য আবেদন অনলাইনে অথবা মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে করতে হবে। আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (DBBL) মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ৮ টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে। মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশী শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার সহকারী পরিচালক মো. মমিনুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন।