কুড়িগ্রাম প্রতিনিধি: প্রাথমিক বিদ্যালয়ে অপেক্ষমান প্যানেল শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে সদ্য জাতীয়করনকৃত ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অপেক্ষমান প্যানেল ভুক্ত শিক্ষকরা অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষকরা জানান, উচ্চ আদালতের রায়ে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বরে সারাদেশে ২৩ হাজার ৮শ ৭৯ জন প্যানেলভুক্ত শিক্ষককে নিয়োগ দেয়া হয়। অবশিষ্ট ৮ হাজার ২শ ৩৫ জন প্যানেল ভুক্ত শিক্ষককে এখনো নিয়োগ দেয়া হয়নি। এদের মধ্যে কুড়িগ্রাম জেলায় ২শ ৪০ জন। উচ্চ আদালতের রায় থাকা পরও নিয়োগ না দেয়ায় অপেক্ষমান প্যানেল শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছে। এরই মধ্যে অনেকের চাকুরির বয়সসীমা পেরিয়ে গেছে। দ্রুত নিয়োগদানে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন প্যানেলভুক্ত শিক্ষকরা।
পরে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।