সিসি নিউজ: জুনিয়র ও প্রাথমিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি এবং গুণীজনদের সম্মাননা দিয়েছে নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভা। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ চত্ত্বরে আজ দুপুরে ওই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অষ্টম ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরা সৈয়দপুর পৌরসভা কর্তৃক আয়োজিত পৌর বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
এবারে পৌর এলাকার সাত গুণী ব্যক্তির মধ্যে সম্মাননা পাচ্ছেন- শিক্ষায় সৈয়দপুর কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার হোসেন মিয়া, সাহিত্যে রেজানুর রহমান ও স্বপন আদনান (মরণোত্তর), সাংবাদিকতায় আমিনুল হক, সমাজসেবায় সাবেক এমপি মুজিবুর রহমান (মরণোত্তর), ক্রীড়ায় ইয়াকুব মারজাদ ও আছাদুর রহমান সরকার বাটু (মরণোত্তর)। সৈয়দপুর পৌরসভার পক্ষে গুণী ব্যক্তিদের এ সম্মাননা জানানো হবে।
সৈয়দপুর পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধ্যাপক মতিউর রহমান প্রধান অতিথি এবং একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০১৪ সাল থেকে সৈয়দপুর পৌরসভা নিজ উদ্যোগে পৌর এলাকায় যারা নিজ নিজ কর্মে অবদান রেখেছেন তাদের এ সম্মাননা দিয়ে আসছে।